Saturday, March 17, 2012

প্রেতাত্মার প্রাণ ... (৩)


আনকাহিনীর টান - ছট ছট মনের আয়নায় উঁকি দিলাম প্রতিবিম্ব বলল দাঁড়াও, একটু সেজে নিই তারপর... হবেই তো অনেক আনকাহিনীর টানাপোড়েন তাই সব কিছু আলুস ঝুলুস, গল্প কথা দেখা দেয় কি করে এমন দুম করে।

মন কি ইচ্ছে করলেই সব কাহন কাহন গল্প ফিরিয়ে দিতে পারে! হয় না হয় না সেটা, এরকম সময়েই আলু থালু চিত্ত বলে দাঁড়াও, সবুর, একটু সেজে নিই তারপর দেখ'খন আর আমি তখন সব ছেড়ে বসে থাকি ধৈর্য পরীক্ষায়। কখন মন দেখা দেবে একটু সেজে একটু গুজে আনকাহিনীর ভ্রমর কথা - অনেক হারিয়ে যাওয়া অনুভূতি, অনেক নিহত প্রেমের নিভে যাওয়া ফানুস অনেক দুরের দিনের মেঘের রঙ ময়ূরপঙ্খি আনকাহিনী, অনেক সাধ সাধ্যের আড়াআড়ির ফেরিওয়ালা হাঁক আরও কত কিছু - রত্নাকর ছেড়ে গেছে ধুলভরা মনের জাঙালে, মন ভামিনী বিলাসিনী নাগরির মত অপাঙ্গে হাসবে ...কি গো নাগর কি খুঁজছ!

তখন একটা আধটা টুকরোই নাগালে আসে, একসঙ্গে অনেকগুলো নয়, সেটা হলে যেন সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো দশজনা সব মুখেতেই ছায়া থাকায় কাউকেই পুরো দেখা হয় না। দশজন দশকথা আনকথা আর সারা হয় না তাদের সাথে।

একবার তো সেই আনকাহিনীর খোঁজে বেরিয়ে অসমাপ্ত অসম্পূর্ণ ছবির চিতায় আগুন দিতে গিয়ে আমারই মতো অপেক্ষারত আরেক মানুষ দেখে চমকে উঠেছিলাম - ভিখিরির মত শ্মশানে লোকটা কি করছে? ভীষণ ভয়ে মুখটা পরিষ্কার দেখতেও চাইনি, পালিয়ে এসেছিলাম... আমার ছায়া নয় তো!

মনে আছে দৌড়ে পালিয়ে আসার সময় পেছন পানে তাকাতেই দেখেছিলাম সেটা উঠে পড়ে দুলকি চালে হেঁটে আসছে আমার দৌড়ে পালানো রাস্তা ধরে। ভয় টা অনেকদিন ছেঁকে রেখে ছিল। আনকাহিনীর ভামিনীর দরজা মাড়াতে গেলেই শ্মশানের ছায়াটার দুলকি চাল - এ যেন পুরাণ  কথার না চাওয়া গন্ধর্ব বিবাহের জের।

খিদে তো মরে না আনকাহিনীর, একদিন ছায়াটাই ক্লান্ত হয়ে গেলো, কত আর পেছু নেবে। আমিও ফিরলাম স্মৃতির জনতাবধুর স্তন রস নিংড়ে নিতে - নাহ হ এ যেন বাখের ডাবল কনচের্তো ই মেজরে বাজান হয়ে যাচ্ছে, আনকাহিনীর বেসুর পছন্দ নয়, মৃদু কণ্ঠে বলল - উইল ইউ স্টপ ইট!  অস্ফুটে বলা কথা কিন্তু মনে হল সেটাই যেন আকাশ আছড়ান প্রতিবাদ। আবার ভয় পেলাম ঠিকানা হারান মানুষরা যেমন পায়। 

নাহ আজ আর ভালো লাগছেনা। তপ্ত নই তৃপ্ত নই স্মৃতির গম্বুজ শুধু ডালা খোলা ভয়ের তোরঙ - অভাবের অনুভাব স্মৃতির জাঙালে। 
ঘুম কেড়ে নেওয়া নির্লজ্জ রাতটা দাঁত কেলিয়ে হাসছে। ছাড়ব না, আমি পুনর্জন্মে বিশ্বাসী, আমি আবার ফিরব এখানে ভামিনী এ যে আমার মানবজমিন।

No comments:

Post a Comment