Saturday, March 3, 2012

শীতের মধ্যে হঠাৎ


কোথাও কিচ্ছু নেই শীতের শুকনো আকাশে শীতটাও ঠিক নেই
হঠাৎ কোথাত্থেকে বেচটকা ঝড় হাওয়া
একঝাঁক বৃষ্টি ঘুরে গেল এই শহরের বুকে -
এদিক সেদিক রাস্তার ওপরে ভাঙ্গা ডাল, জমা জল
রিক্সার গুঁতোগুঁতি - বাস কিম্বা অটো নেই
দুজনেরই চটির অবস্থা যখন তখন।
এরপর দুজনেই চলে যাবে নিজেদের দিকে। 
একটু আগের সেই উসখুসে দুজনকে থমথমে 
কিছুটা বা উদবিঘ্ন দেখায়,
দুজনের চোখে শুধু ভাঙ্গা ডাল আর শুধু বৃষ্টির জল।
প্রেমিক প্রেমিকা নয়, বাস স্টপে 
ভিজবে না এই ভেবে দাঁড়ান মানুষ আর মানুষীর গল্প এটা ।
একটু বেশি বয়সের তাড়া বেশি তাই হাঁটা দিলো,
আজ শনিবার, ওষুধ কেনার দিন,
অফিস ফেরার পথে একটা পাকা পেঁপে - মা বলেছিল,
হন হন হাঁটার ফাঁকেতে এদিক সেদিক দেখা
কোথায় সাধের পেঁপে।
কমবয়সীর অতো তাড়া নেই,
নেই কেউ অপেক্ষায় যার কথা ভেবে হনহনে হাঁটা দেবে -
আজ তার ইচ্ছে সে গোটা শহরের কতজন ছাতাধারি 
বরষাতি গায়ে কতজন,
কজন বারান্দায় কতজন খুঁজে ফেরে মাথাটা গোঁজার ঠাঁই
সেসব গুনবে ঘুরে ঘুরে।
প্যান্ট ভেজা, চটিটাও প্রায় ছিঁড়ে গেছে,
তবুও যুবক, অসম্ভব জোরে হাঁটে -
অনেক গুনতি বাকি।
……………………………………………………………………

No comments:

Post a Comment