#
শব্দের দালানকোঠা
দর্পের কিছুটা বাকিটুকু
অন্ধের অন্ধকার জ্যোৎস্নার জলছবি
ফাঁকিবাজ ভুবন মিস্তিরির হাতে
কলামবিহীন সব শাস্বত নির্মাণ
##
আঙিনায় বানভাসি তীব্র জোয়ারের টান
ডুবে থাকা অন্তরীপ হাহাকার
বাহিত রক্তের লবনে ওঠা শব্দের কলরোল
দিকচিহ্নহীন এক মা ভুমের অনিমা লঘিমা জুড়ে জ্যাসনের সাফিনায় ভেসে ভেসে
ভেড়ার সোনাল লোম লুব্ধক নক্ষত্রের আলো
ধরে ফেলে চোখের পাতায়
একজন মানুষ শব্দের নিগড়ে শুধু
অস্তিত্বের জমিন বদলায় -
###
তথাগত তুমি কি বোঝোনি
পরমান্ন নিবেদনে শুধু সত্য ভিক্ষা নয়
আরও কিছু যাঞ্চা ছিল প্রীতিময় ...
সেই শাল্মলীতলে...
####
কবিতা তোমাকে আমি শব্দ দিয়ে কোনদিন চাইনি সাজাতে
তবু কেন কবিতার ঈশ্বর কবুতরী
বকম্ বকম্ থেকে গেল
#####
সুনীল কি ঠিক বুঝেছিল -
কথা দিয়ে কথা কেন উদাসীন সঙ্গম শেখালনা
শব্দের শরীরে শুধু নেশার আমেজ
বেবুশ্যে নিম হিম ঘোরের উত্তাপ
######
তবু কিছু কথা থাকে
তিমি'র গন্ধের মত কিছু কিছু স্মৃতিগন্ধি শব্দঘ্রান
এখানে যেমন চার্বাক ডালে ঝুলে আছে -
যাও শব্দ উকি মেরে যাও চলে যাও
এখানে নাহয় প্রতিরাতে
বেবুশ্যে বাসর সাজাবে...
No comments:
Post a Comment